সঞ্চালন লাইন মেরামত কাজের কারণে ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
জিটিসিএল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ জানায়, ওই দিন সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প কলকারখানা ও আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।
ধনুয়া-সাভার ২০ ব্যাসের উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চলন পাইপলাইন ও বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় পর্যন্ত ৩০ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চলন পাইপলাইনে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
ধনুয়া-সাভার পাইপলাইনে বাল্ব প্রতিস্থাপন কাজের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অধিভুক্ত সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প ককারখানা এবং আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।
এছাড়া পাইপলাইন রক্ষণাবেক্ষণ-প্রতিস্থাপন কাজের সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এলাকাতে থাকা বিদ্যুৎকেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে বিঘ্ন হতে পারে।